ডিজিটাল পদ্ধতি ব্যবহারের প্রশিক্ষণ নিলো রংপুরে বিভাগের ৫০ সাংবাদিক

২৪ জুলাই, ২০১৯ ০০:৩৮  
রংপুর বিভাগের ৫০ গণমাধ্যম কর্মীকে প্রান্তিক পর্যায়ের ডিজিটাল সেবা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে এটুআই ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। মঙ্গলবার (২৩ জুলাই) জেলার সার্কিট হাউস সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের সমাপনীতে প্রধান অতিথি ছিলেন রংপুর এর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আসিব আহসান এবং সভাপ্রধানের দায়িত্ব পালন করেন পিআইবি’র মহাপরিচালক জনাব জাফর ওয়াজেদ। সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারী রংপুর বিভাগের ৮টি জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৫০ জন সংবাদকর্মীর হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়। দিনব্যাপী কর্মশালায় সাংবাদিকতায় ডিজিটাল পদ্ধতির ব্যবহার, ডিজিটাল বাংলাদেশ এবং এটুআই উদ্যোগ, তথ্য অধিকার আইন ও সাংবাদিকতার নীতিমালা এবং স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের ডিজিটাল বাংলাদেশ বিষয়ক রিপোর্টিং এ করণীয় ও বর্জনীয় শীর্ষক বিভিন্ন অধিবেশন পরিচালনা করা হয়। কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা হুমায়ুন কবীর, চ্যানেল আই এর সিনিয়র নিউজ এডিটর মীর মাসরুর জামান, এটুআই এর কনসালট্যান্ট আদনান ফয়সল, পিআইবি এর প্রশিক্ষক মোহাম্মদ আব্দুল মান্নান, রংপুর প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, পিআইবি’র জুনিয়র প্রশিক্ষক শাহআলম প্রমুখ।